ওঁ সময়ের শ্বাস তথাগত অনুরাধা মুখোপাধ্যায় জেলা পূর্ত বিভাগের চাকরিটা আমি ছেড়ে দিয়েছিলাম রুমা আমার জীবন থেকে সরে যাওয়ার পর পরই । আমার এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলো । স্থায়ী সরকারি চাকরি , মোটামুটি ভালো বেতন – এই বাজারে কেইই বা ছাড়ে ? বন্ধুবান্ধবরা ওদের মতো গালমন্দ করে বুঝিয়েছিলো । কিন্তু ওদের আমি কী করে বোঝাতাম যে তখন ঐ চাকরিটার প্রয়োজন আমার বিশেষ ছিলো না । আমার মনে হতো অফিসের সময়টা আমি ফালতু নষ্ট করছি । আমার একটাই নেশা – বই পড়ার । যে কোনো নেশার মতো এটাও একটা ভারি বদখৎ অভ্যেস । একবার লেগে গেলে এর থেকে পরিত্রাণ পাওয়া মুস্কিল … বাবার রেখে যাওয়া একতলা বাড়িটার সাথে সাথে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম বেশ কয়েক বুক - কেস ঠাসা দেশি - বিদেশি বই । বলা বাহুল্য , সেগুলো শেষ ক...